| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি ক্যাম্পাসে দীর্ঘদিন পর মায়া হরিণের দেখা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ইং | ১৩:১৯:২০:অপরাহ্ন  |  ৬৮৮ বার পঠিত
চবি ক্যাম্পাসে দীর্ঘদিন পর মায়া হরিণের দেখা

চবি প্রতিনিধি: দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে আবারও দেখা মিলেছে বিপন্ন মায়া হরিণের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলসংলগ্ন পাহাড়ি ও বনাঞ্চল এলাকায় হরিণটির দেখা পান উম্মে হাবিবাসহ কয়েকজন শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা হরিণটির ছবি ও ভিডিও ধারণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় ও বনাঞ্চলে একসময় মায়া হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর নিয়মিত বিচরণ ছিল। তবে গত কয়েক বছরে ক্যাম্পাসে হরিণের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ২০১৯ সালে প্রকাশিত এক প্রতিবেদনে চবি প্রাণিবিদ্যা বিভাগের তথ্যের বরাত দিয়ে বলা হয়, ২০১০ সালের আগে ক্যাম্পাসে নিয়মিত মায়া হরিণের দেখা মিললেও পরবর্তী সময়ে এর উপস্থিতি কমতে থাকে।

এর আগে ২০১৮ সালের ৩০ আগস্ট চবি বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের একটি ল্যাবের জানালার গ্রিলে আটকে পড়া একটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছিল। ক্যাম্পাসে মায়া হরিণের উপস্থিতির নথিভুক্ত ঘটনাগুলোর মধ্যে সেটিও উল্লেখযোগ্য।

মায়া হরিণের বৈজ্ঞানিক নাম Muntiacus muntjak। আইইউসিএনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রজাতিটি ‘বিপন্ন’ (Endangered) হিসেবে তালিকাভুক্ত। আবাসস্থল সংকুচিত হওয়া ও এর গুণগত মানের অবনতিসহ বিভিন্ন কারণে বাংলাদেশে এ প্রজাতির সংখ্যা কমে এসেছে।

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মায়া হরিণের দেখা মেলায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। বনাঞ্চলসংলগ্ন এলাকায় হরিণটির বিচরণকে ক্যাম্পাসের বিদ্যমান জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪