| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ২৩:১৯:২০:অপরাহ্ন  |  ৩৩৩ বার পঠিত
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা (৫০) নামে একজন কৃষক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিফাত মোল্লা শেহালা মাঠপাড়া গ্রামের মৃত দবির মোল্লা ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে মাঠে বের হন কৃষক কিফাত মোল্লা। মাঠের ভেতরে একটি ফাঁকা সড়কে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে মাঠের লোকজন সড়কের ওপর পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কৃষক কিফাত মোল্লাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত কিফাত মোল্লার মেয়ে সুমাইয়া আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, তার বাবা গরুর জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে বাড়ি থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। পরে স্থানীয় লোকজন তাকে সড়কের ওপর পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পুলিশের একটি দল বিষয়টি নিয়ে কাজ করছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ঘাতক গাড়ি ও গাড়ির চালককে শনাক্তে পুলিশ কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪