| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালি দিয়ে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১৪:০৬:৫৩:অপরাহ্ন  |  ৮৩ বার পঠিত
হালি দিয়ে মেসি-পরবর্তী যুগ শুরু আর্জেন্টিনার

রিপোর্টার্স২৪ ডেস্ক: শুরু থেকেই চলল আর্জেন্টিনার দাপট। দুই অর্ধে তারা পেয়ে গেল দুটি করে গোলও। সব মিলিয়ে বলিভিয়ার বিপক্ষে আধিপত্য দেখিয়েই লিওনেল মেসি পরবর্তী যুগের সূচনা করল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরের ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর এটিই ছিল আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচ।

এছাড়া মেসি পরবর্তী যুগের সূচনাও হলো বলিভিয়া ম্যাচটি দিয়ে। বাংলাদেশ সময় আগামী ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলার কথা মেসির। তবে বলিভিয়া ম্যাচ দিয়েই মূলত তাকে ছাড়া পথচলা শুরু করল লিওনেল স্কালোনির দল।

দাপুটে জয়ে একটি করে গোল দেন লাউতারো মার্তিনেজ, নিকো পাজ, ক্রিস্তিয়ান রোমেরো ও হোসে ম্যানুয়েল লোপেজ। আর্জেন্টিনার গোল বাড়তে পারত আরও। অফসাইডে বাতিল হয় তাদের একটি গোল। এছাড়া শেষ দিকে দারুণ সেভ দেন বলিভিয়া গোলকিপার।

পূর্ণ আধিপত্য বিস্তার করা ম্যাচে প্রায় ৭০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য ১৮টি শট করে আর্জেন্টিনা। এর মধ্যে ৭টিই ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে বলিভিয়ার ৫ শটের একটি ছিল জাল বরাবর। সেটিও একদম শেষ দিকে।

ম্যাচের শুরু থেকেই বলিভিয়ার রক্ষণে হানা দিতে থাকা আর্জেন্টিনার প্রথম গোলের জন্য অপেক্ষা ছিল ১৯ মিনিটের। অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের পাস পেয়ে ডি-বক্সের মাঝামাঝি জায়গা থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান লাউতারো মার্তিনেজ।

দশ মিনিটের মধ্যে তারা পেয়ে যায় দ্বিতীয় গোলের দেখা। মাঝমাঠের কাছাকাছি থেকে লম্বা করে থ্রু বল দেন এজেকুয়েল পালাসিওস। ডি বক্সের ভেতরে বাম পায়ের আলতো টোকায় আগুয়ান গোলকিপারকে পরাস্ত করেন নিকো পাজ।

প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ তৈরি করলেও জালের ঠিকানা খুঁজে পায়নি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৪ মিনিটের মাথায় নিকো পাজের ক্রসে সবার ওপরে লাফিয়ে উঠে করা হেডে বল জালে জড়ান অধিনায়ক রোমেরো।

গোলের পরপরই রোমেরো, পাজ ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নিকে তুলে নেন স্কালোনি। মাঠ ছাড়ার আগে এমিলিয়ানো মার্তিনেজকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেন রোমেরো। 

বদলি নেমে গোলের দারুণ সুযোগ তৈরি করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে অল্পের জন্য কাজে লাগাতে পারেননি লাউতারো মার্তিনেজ। এরপর আরও কিছু সুযোগ হাতছাড়া হয় তাদের

ম্যাচের ৮৪ মিনিটের মাথায় বল জালে জড়ান ম্যানুয়েল লোপেজ। তবে অফসাইডে বাতিল হয় গোল। পরের মিনিটেই অবশ্য জটলার মধ্য থেকে বাম পায়ের টোকায় স্কোরলাইন ৪-০ করে দেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। 

ম্যাচের শেষ বাঁশি বাজার আগে গোলের শেষ সুযোগ পান মাস্তানতুয়োনো। তবে তার জোরাল শট দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন বলিভিয়া কিপার। তাই বাড়েনি আর্জেন্টিনার গোল।

বাংলাদেশ সময় আগামী রোববার ভোর ৬টায় পরের প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪