ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুহিন রেজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার সংলগ্ন ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে ইয়াফাত ফিলিংস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তুহিন রেজা (৩৩), ঢাকা মহানগর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ও ইয়াফাত ফিলিংস্টেশনের মালিক এমদাদুল হক সোহাগ (৩৭) এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন (৩২)।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। অভিযানের একপর্যায়ে ইয়াফাত ফিলিংস্টেশন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবি পুলিশের ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই নাশকতা ও সন্ত্রাস দমন আইনে কালীগঞ্জ থানায় মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাদের ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব