অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিত সাহা, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি এস এম খায়রুল বাশার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল গফফার এবং অপর অংশের সভাপতি গোলাম মোর্শেদসহ শিক্ষক নেতৃবৃন্দ।
এ ছাড়া অভয়নগর কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যক্ষ সেলিম ইকবাল, অধ্যক্ষ শফিকুল ইসলাম, ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউল ইসলাম, শ্যামল কুমার মজুমদার, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুরজালাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন গাজী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক এবং শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ও শিক্ষক নেতারা এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকার পে-স্কেলের ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বৈষম্যহীনভাবে শিক্ষকদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা ন্যায্যতার ভিত্তিতে দেওয়ার দাবি জানান তারা।
আলোচনায় সবচেয়ে গুরুত্ব দিয়ে শিক্ষকদের অবসর-পরবর্তী দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়। শিক্ষক নেতারা বলেন, দীর্ঘ কর্মজীবন শেষে অনেক শিক্ষক অবসরকালীন প্রাপ্য অর্থ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করেন। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি অবসরের তিন মাসের মধ্যে অবসরকালীন প্রাপ্য অর্থ পরিশোধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
রিপোর্টার্স২৪/ধ্রুব