| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে সাংবাদিকদের মারধর, ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৫, ২০২৬ ইং | ২৩:১৪:২২:অপরাহ্ন  |  ৩৪৭ বার পঠিত
রাবিতে সাংবাদিকদের মারধর, ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই ঘটনায় সংগঠনের আরও ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসান ও ছাত্রনেতা বিশাল চক্রবর্তী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সংগঠনের সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে একই অভিযোগে রাবি শাখা ছাত্রদলের ছয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন-সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, বুলবুল রহমান, শরিফুল ইসলাম, ফারুক হোসেন, সহদপ্তর সম্পাদক শাহারিয়ার আলম ও ছাত্রনেতা সাজু।

নোটিশে তাদের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তাদের ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর রোববার রাতেই দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে ছাত্রদল। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদ এ সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বলে বহিষ্কারাদেশ ও কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪