| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ১৮:৪৭:০৭:অপরাহ্ন  |  ১৭০ বার পঠিত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের ধাক্কায় মার্কেটিং বিভাগের অন্তত ছয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চ্যানেলদেখুন

এ ঘটনায় গাড়িচালক হিসেবে অভিযুক্ত সাদমান সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের ছেলে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রথমবারের মতো গাড়ি চালানো শেখার জন্য বাবার প্রাইভেট কার নিয়ে একাই ক্যাম্পাসে বের হন সাদমান। একপর্যায়ে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে পৌঁছালে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এ সময় রাস্তায় চলাচলরত মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থীর ওপর গাড়িটি উঠে গেলে ছয়জন আহত হন।

আহত শিক্ষার্থীরা হলেন জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম ও সিদরাতুল।

দুর্ঘটনার পর সাদমান সাকিবকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি প্রক্টরদের হেফাজতে ছিলেন।

এদিকে, সহপাঠীদের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

ঘটনাকে কেন্দ্র করে প্রক্টর কার্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪