| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ১১:৪৫:১১:পূর্বাহ্ন  |  ৫৫২ বার পঠিত
গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকা বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল।

এনবিআরের নির্দেশনায় এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সার্বিক তত্ত্বাবধানে গতকাল রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় গুলশানের রোড-৪৫-এ অবস্থিত কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান শুরু হয়।

প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ কার্যক্রম। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগৃহীত অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয়ের মজুত শনাক্ত করাই অভিযানের মূল উদ্দেশ্য ছিল। একই সঙ্গে এসব পণ্য বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দেওয়া হয়েছে কি না, বিক্রয়লব্ধ অর্থ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কি না এবং সংশ্লিষ্ট লেনদেনে মানি লন্ডারিংয়ের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযানে অংশ নেয় এনবিআরের চারটি গোয়েন্দা সংস্থা—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)। অভিযানের পুরো সময় বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) সার্বিক সহযোগিতা দেয়।

কাস্টমস আইন, ২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং আয়কর আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অভিযানটি পরিচালিত হয়।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে আটক পণ্যের বিস্তারিত বিবরণ, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির পরিমাণ এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পর্কে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

তবে আটক অ্যালকোহলের পরিমাণ ও সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির আর্থিক হিসাব বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪