| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কপ৩১: জলবায়ু অর্থায়নে ধনী দেশগুলোর কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দাবি উন্নয়নশীল দেশগুলোর

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ২২:৩৬:৩২:অপরাহ্ন  |  ১০৪০ বার পঠিত
কপ৩১: জলবায়ু অর্থায়নে ধনী দেশগুলোর কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দাবি উন্নয়নশীল দেশগুলোর

সোমনাথ দে, আন্তালিয়া (তুরস্ক): জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে কত অর্থের সরকারি সহায়তা দেওয়া হবে, কখন দেওয়া হবে এবং নতুন ঋণের বোঝা ছাড়াই কীভাবে সেই অর্থ পাওয়া যাবে—ধনী দেশগুলোর কাছে এসব বিষয়ে সুনির্দিষ্ট জবাব দাবি করছে উন্নয়নশীল বিশ্ব।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ জলবায়ু অর্থায়ন নিয়ে এ চাপ আরও জোরালো হয়েছে। এর আগে জি-৭৭ ও চীন ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে জলবায়ু অর্থায়নবিষয়ক কর্মসূচিকে আলোচ্যসূচিতে বহাল রাখতে সক্ষম হয়।

থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের (টিডব্লিউএন) মীনা রামান বলেন, আন্তালিয়ায় জি-৭৭ ও চীন ঐক্যবদ্ধ থেকে জলবায়ু অর্থায়নবিষয়ক কর্মসূচিকে আলোচনায় ধরে রেখেছে। আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি, যাতে তাদের অগ্রাধিকারগুলোকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করানোর কোনো সুযোগ তৈরি না হয়।

তিনি বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোকে অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে এই অর্থায়ন প্রয়োজন। তাই উন্নত দেশগুলোকে আন্তরিকতার সঙ্গে আলোচনায় অংশ নিয়ে স্পষ্ট করতে হবে, তারা কত পরিমাণ সরকারি অর্থ দেবে, কখন দেবে এবং নতুন ঋণের বোঝা ছাড়াই উন্নয়নশীল দেশগুলো কীভাবে সেই অর্থ পাবে।

গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে সরকারগুলো জলবায়ু অর্থায়ন নিয়ে দুই বছর মেয়াদি কর্মসূচিতে সম্মত হয়েছিল। আন্তালিয়ায় জি-৭৭ ও চীন চাইছে, আলোচনার মূল লক্ষ্য থাকুক প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর অর্থায়নের বাধ্যবাধকতা কীভাবে বাস্তবায়িত হবে। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ৯ নম্বর অনুচ্ছেদের সামগ্রিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনার আহ্বান জানিয়েছে। এতে অর্থায়নে আরও বেশি দেশের অংশগ্রহণের বিষয়টিও অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

বুধবার আন্তালিয়ায় এক সংবাদ সম্মেলনে গ্লোবাল ক্যাম্পেইন টু ডিমান্ড ক্লাইমেট জাস্টিস (ডিসিজে) ধনী দেশগুলোর ব্যয় বরাদ্দ কীভাবে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নকে প্রভাবিত করছে, তা তুলে ধরে।

সংগঠনটির গ্লোবাল নর্থ সমন্বয়ক ভিক্টর মেনোত্তি বলেন, ধনী দেশগুলো একদিকে জলবায়ু সহায়তার অর্থ কমাচ্ছে, অন্যদিকে সামরিক ব্যয় বাড়াচ্ছে এবং জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি অব্যাহত রাখছে।

তিনি বলেন, অর্থের অভাব নেই, অর্থায়নের সক্ষমতাও রয়েছে; কিন্তু যে বিষয়টির অভাব রয়েছে, তা হলো রাজনৈতিক সদিচ্ছা।

ওয়ার অন ওয়ান্টের লিওন সিলি-হাগিন্স যুক্তরাজ্য সরকারের ব্যয় অগ্রাধিকারের সমালোচনা করেন। তিনি বলেন, তার সরকার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঘুমিয়ে ঘুমিয়ে এগোচ্ছে না; বরং দ্রুতগতিতে সেদিকে ছুটছে। সামরিক ব্যয়ের দিকে এই ঝোঁক যুক্তরাজ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তার দায়িত্ব থেকে আরও দূরে সরিয়ে নিচ্ছে। একই সঙ্গে দেশটি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি থেকেও পিছিয়ে যাচ্ছে।

জলবায়ু অর্থায়নের শর্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রোজা লুক্সেমবার্গ ফাউন্ডেশনের ডেভিড উইলিয়ামস। তিনি বলেন, জার্মানি তার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি নিজেই ঋণ মওকুফের সুবিধা পেয়েছিল। কিন্তু একই ধরনের অর্থনৈতিক সংকটে থাকা অন্য দেশগুলোর ক্ষেত্রে জার্মানি সেই উদারতা দেখাচ্ছে না।

অ্যাকশনএইড ইউএসএর নির্বাহী পরিচালক নিরঞ্জলি আমারাসিংহে বলেন, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের আগেই দেশটির প্রতিশ্রুতি ও বাস্তব অর্থ ছাড়ের মধ্যে বড় ব্যবধান দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ডে ৬০০ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করা হলেও বাস্তবে দেওয়া হয়েছে মাত্র ২০০ কোটি ডলার।

অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের লরি ভ্যান ডার বার্গ ধনী দেশগুলোকে প্রথমে এবং দ্রুততম সময়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধ এবং দূষণকারীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান তিনি।

তার মতে, উন্নয়নশীল দেশগুলোর জন্য ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিশ্চিত করা এবং ইতোমধ্যে জলবায়ু বিপর্যয়ের শিকার দেশগুলোর ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারি অর্থায়নের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, অর্থায়ন ছাড়া নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন কিংবা জলবায়ু বিপর্যয়ের পর পুনরুদ্ধার—কোনোটিই সম্ভব নয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪