রিপোর্টার্স২৪ ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মধ্য দিয়ে সরকার তাদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা হলেও মোচনের চেষ্টা করছে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে তিনি বলেন, তাদের অবদান ও আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা রাষ্ট্রের দায়িত্ব।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরবোজ্জ্বল ইতিহাস সবসময় তাঁকে গভীরভাবে আলোড়িত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি নিজেও গর্ব অনুভব করেন। দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহস, ত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাঁদের গৌরবময় অবদান নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখনই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান এবং তাঁদের জীবনমান উন্নয়নে সরকার সবসময় গুরুত্ব দিয়ে এসেছে।
তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের অবদান গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করবে।
বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের কল্যাণের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী তাঁদের জন্য সহযোগিতার ধারা অব্যাহত রাখা হবে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সম্মান, মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, যাঁদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, তাঁদের প্রতি জাতির কৃতজ্ঞতা কখনো শেষ হওয়ার নয়। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সরকার সেই ঐতিহাসিক দায়বদ্ধতা পালনের চেষ্টা করছে।
রিপোর্টার্স২৪/ঝুম