| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পন্নু হত্যা ষড়যন্ত্র মামলা: ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছরের বেশি কারাদণ্ড দিল আমেরিকার আদালত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ১৩:২০:৩৪:অপরাহ্ন  |  ৬৭৯৫ বার পঠিত
পন্নু হত্যা ষড়যন্ত্র মামলা: ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছরের বেশি কারাদণ্ড দিল আমেরিকার আদালত

আশিস গুপ্ত, নয়াদিল্লি : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল আদালত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছর সাত মাসের কারাদণ্ড দিয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউইয়র্কের বিচারক ভিক্টর মারেরো এই সাজা ঘোষণা করেন। এর তিন বছরেরও বেশি সময় আগে নয়াদিল্লি থেকে চেক প্রজাতন্ত্রের প্রাগে যাওয়ার পর মার্কিন অনুরোধে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

বিচারক ভিক্টর মারেরো এই ষড়যন্ত্রকে “মার্কিন সার্বভৌমত্বের ওপর আঘাত” বলে বর্ণনা করেছেন। সাজা ঘোষণার সময় আদালত নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত ২৩৫ থেকে ২৯৩ মাসের সর্বনিম্ন সীমা অর্থাৎ ২৩৫ মাসের (১৯ বছর ৭ মাস) কারাদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ ২৯৩ মাস বা ২৪ বছরের বেশি সাজার আবেদন করলেও এবং আসামিপক্ষ ১২ বছরের সাজার আর্জি জানালেও বিচারক উভয় পক্ষের যুক্তি খারিজ করে এই রায় দেন। সাজা ভোগের পর নিখিলকে আমেরিকা থেকে বহিষ্কার করা হবে বলে তাঁর জন্য কোনো তত্ত্বাবধানে মুক্তির (সুপারভাইজড রিলিজ) মেয়াদ রাখা হয়নি।

শুনানির শুরুতে ৫৫ বছর বয়সী নিখিল গুপ্ত বিচারককে নিশ্চিত করেন যে তিনি তাঁর দোষ স্বীকারের সিদ্ধান্ত প্রত্যাহার করছেন না। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি ভাড়াটে খুনি দিয়ে হত্যার ষড়যন্ত্র, ভাড়াটে খুনি নিয়োগ এবং অর্থ পাচারের ষড়যন্ত্র—এই তিনটি অভিযোগে দোষ স্বীকার করেছিলেন, যার সর্বোচ্চ শাস্তি ছিল ৪০ বছরের কারাদণ্ড। আদালতে নিজের বক্তব্যে নিখিল নিজেকে “একজন সাধারণ পারিবারিক মানুষ” হিসেবে উল্লেখ করে ষড়যন্ত্রে যুক্ত হওয়ার দায় স্বীকার করেন। তিনি পান্নুন, শিখ সম্প্রদায় এবং নিজের পরিবারের কাছে ক্ষমা চেয়ে সাজা মেনে নেওয়ার কথা জানান।

অন্যদিকে, সাজা ঘোষণার আগে পান্নুনকে আদালতে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলে তিনি ভারত সরকারের তীব্র সমালোচনা করেন এবং এই হত্যা ষড়যন্ত্রের ফলে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে যে দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে তা তুলে ধরেন। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড এক বিবৃতিতে জানান, এই রায় একটি স্পষ্ট সতর্কবার্তা যে আমেরিকার মাটিতে বা মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার চেষ্টা করলে বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, মার্কিন বিচারব্যবস্থা তাদের জবাবদিহির আওতায় আনবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ জুন মার্কিন অনুরোধে চেক কর্তৃপক্ষ প্রাগে নিখিল গুপ্তকে আটক করে। ওই বছরের নভেম্বরে মার্কিন প্রসিকিউটররা অভিযোগপত্র প্রকাশ করলে বিষয়টি সামনে আসে। অভিযোগ অনুযায়ী, ভারত সরকারের এক প্রাক্তন কর্মকর্তা যাঁকে প্রথমে ‘সিসি-১’ এবং পরবর্তীতে ২০২৪ সালের অক্টোবরে ‘র’ (RAW)-এর প্রাক্তন কর্মকর্তা বিকাশ যাদব হিসেবে চিহ্নিত করা হয় নিখিলকে পান্নুনকে হত্যার ব্যবস্থা করার জন্য নিয়োগ করেছিলেন।

নিখিল এক অপরাধী সহযোগীর মাধ্যমে ভাড়াটে খুনি খুঁজতে গিয়ে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ)-এর এক গোপন এজেন্টের সংস্পর্শে আসেন। ২০২৩ সালের ৯ জুন নিউইয়র্কে অগ্রিম হিসেবে ১৫ হাজার ডলার হস্তান্তরের ব্যবস্থাও করা হয়েছিল এবং হত্যার জন্য মোট ১ লক্ষ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। চেক প্রজাতন্ত্রের বিভিন্ন আদালতে আইনি লড়াই ও প্রত্যর্পণ প্রক্রিয়া শেষে ২০২৪ সালের ১৪ জুন তাঁকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়।

মার্কিন প্রসিকিউটরদের দাবি, এই ষড়যন্ত্র কেবল নিউইয়র্কের হত্যাকাণ্ডেই সীমাবদ্ধ ছিল না; মণিপুরের ইম্ফল বিমানবন্দরে মাদক বাহী বিমানের ছাড়পত্র দেওয়া এবং একে-৫৬ রাইফেল ও এম ২০ পিস্তল সরবরাহের বিষয়েও বিকাশ যাদব ও নিখিলের মধ্যে আলোচনা হয়েছিল। এমনকি কানাডায় হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের পর যাদব নিখিলকে নিজ্জরের মৃতদেহের ভিডিও পাঠিয়েছিলেন বলেও আদালতে দাবি করা হয়। তবে নিখিলের আইনজীবী ইসাবেল এ. কির্শনার আদালতে যুক্তি দেন যে, গুজরাট পুলিশের একটি মামলার বিষয়ে চাপ সৃষ্টি করে বিকাশ যাদব নিখিলকে এই ষড়যন্ত্রে জড়াতে বাধ্য করেছিলেন। বিচারককে লেখা তিন পৃষ্ঠার এক চিঠিতে নিখিল অনুতাপ প্রকাশ করে জানান, নির্জন কারাবাসে থাকাকালীন তিনি যোগব্যায়াম ও ধ্যানের দিকে ঝুঁকেছেন এবং ব্রুকলিনের ডিটেনশন সেন্টারে অন্যান্য বন্দীদেরও যোগব্যায়াম শেখান।

এদিকে, এই ফৌজদারি মামলার পাশাপাশি পান্নুনের দায়ের করা একটি দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ‘র’-এর প্রাক্তন প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠানোর বিষয়ে মার্কিন আদালতের অনুরোধের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন যে, ভারত এই ধরনের ভিত্তিহীন মামলা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এবং এ বিষয়ে নয়াদিল্লির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

এর আগে গত ৯ ও ১৩ নভেম্বর নিউইয়র্ক ফেডারেল আদালতের বিচারক ক্যাথরিন ফাইলা হেগ কনভেনশনের ১৯ নম্বর অনুচ্ছেদ এবং ভারতের দেওয়ানি কার্যবিধির ২৯(সি) ধারার উল্লেখ করে দিল্লির পাতিয়ালা হাউস, তিস হাজারি ও দ্বারকা আদালতকে ডোভাল ও গোয়েলের ঠিকানায় সমন জারির অনুরোধ জানিয়েছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪