শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগীদের স্বজন ও স্থানীয় এলাকাবাসী। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীবরদী উত্তর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগী ও তাঁদের স্বজনদের প্রায়ই হয়রানির শিকার হতে হচ্ছে। বিশেষ করে কর্তব্যরত চিকিৎসক বিথী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলেন তাঁরা।
বক্তারা দাবি করেন, একপর্যায়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে চিকিৎসকদের পক্ষ থেকে মানববন্ধন ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
এ ছাড়া সামান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে গেলেও যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে রোগীদের জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাঁদের মতে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে সাধারণ মানুষকে এমন ভোগান্তির শিকার হওয়া অনাকাঙ্ক্ষিত।
সংবাদ সম্মেলন থেকে রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বদলির আদেশ দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। বক্তারা জানান, এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন উপজেলাবাসী।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করায় একটি স্বার্থান্বেষী মহল তাঁর ওপর ক্ষুব্ধ হয়েছে। নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ওই মহল তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
রিপোর্টার্স২৪/রাফিদ