| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দায়িত্ব পালন করতে গিয়ে আহত পুলিশ সদস্যরা পাবেন পদক ও পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৬ ইং | ১৪:০০:২৫:অপরাহ্ন  |  ২৯৫ বার পঠিত
দায়িত্ব পালন করতে গিয়ে আহত পুলিশ সদস্যরা পাবেন পদক ও পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন, আবার কারও জন্য প্রয়োজন বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে আহত পুলিশ সদস্যদের কারও মাথায় গুরুতর আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙে গেছে। ইতোমধ্যে অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে আরও দীর্ঘ সময় চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে। তাঁদের মধ্যে কারও কারও জন্য বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, আহত পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দায়িত্ব পালনে তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দেওয়া হবে। এ জন্য পুলিশ পদকসহ বিভিন্নভাবে তাদের পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হবে।

পুলিশ সদস্যদের দায়িত্ববোধ ও পেশাগত প্রস্তুতির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগদানের আগেই মানসিকভাবে নানা পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে থাকেন। নিয়োগের সময় তাঁরা শপথ গ্রহণ করেন, প্রয়োজনে নিজের প্রাণের বিনিময়েও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে শৃঙ্খলার মধ্যে এসেছে এবং জনআস্থা অর্জন করেছে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে তারা অত্যন্ত ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছে।

বিশেষ করে শ্রমিক অসন্তোষের সময় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ওই পরিস্থিতিতে অনেক পুলিশ সদস্য নিজেরা গুরুতর আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের ওপর এমন কোনো আক্রমণ করা হয়নি, যাতে কোনো শ্রমিক আহত বা হতাহত হন। এ ধরনের সংযত ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা এবং তা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বিবেচনায় রেখেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করছে।

সাম্প্রতিক জ্বালাও-পোড়াও এবং নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকেরা মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন এবং তাঁরা শৃঙ্খলা বজায় রেখেছেন।

তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে নতুন করে অসন্তোষ ও অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, এ ধরনের অপচেষ্টা সফল হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হচ্ছে। দেশের দু-একটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিল হয়েছে বলেও তিনি শুনেছেন ও দেখেছেন। তবে এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি।

সীমান্ত এলাকায় অপতৎপরতা এবং সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, সে বিষয়ে তাঁরা অবগত নন। তবে বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না।

দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ দখল নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।

তিনি বলেন, কারও প্রাসঙ্গিকতাহীন, অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দিতে চান না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪