মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের পুলিশ সুপারের বাসভবন, জেলা কারাগার, সার্কিট হাউস ও পৌর কমিউনিটি সেন্টারসহ চারটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে থেকে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে একই সময়ে এসব বস্তু উদ্ধার করা হয়। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে শপিং ব্যাগের ভেতরে বিস্ফোরকজাতীয় বস্তু রাখা হয়েছে—এমন খবর পেয়ে দ্রুত অভিযান চালায় পুলিশ। পরে পুলিশ সুপারের বাসভবনের সামনের ফটক, জেলা কারাগারের মূল ফটক, সার্কিট হাউসের গেট এবং পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে চারটি বস্তু উদ্ধার করা হয়। এগুলো লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় শপিং ব্যাগের মধ্যে রাখা ছিল।
উদ্ধারের পর বস্তুগুলো সতর্কতামূলকভাবে পানি ভর্তি বালতিতে রেখে মেহেরপুর সদর থানায় নিয়ে যায় পুলিশ।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলগুলোতে অভিযান চালিয়ে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বস্তু রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
রিপোর্টার্স২৪/রাফিদ