| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, এলাকায় আতঙ্ক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১১:৩২:৩৫:পূর্বাহ্ন  |  ৯৬ বার পঠিত
উজিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, এলাকায় আতঙ্ক

উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে পশ্চিম সাতলার কাঁচাভিটা বাজার এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সফল করা এবং আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন সাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন হাওলাদার। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। পাশের ইউনিয়ন থেকেও নেতাকর্মীরা মিছিলে যোগ দেন।

মিছিল থেকে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি সাতলার অভ্যন্তরে প্রবেশ করলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে হিন্দু অধ্যুষিত ওই এলাকায় উদ্বেগ দেখা দেয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার বিকেল থেকেই পশ্চিম সাতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল বের করার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে বিকেলে উজিরপুর মডেল থানা পুলিশ ওই এলাকায় টহল দেয়। তবে সন্ধ্যার পর পুলিশ এলাকা ত্যাগ করলে রাত ৯টার দিকে স্থানীয় ও পার্শ্ববর্তী ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী একত্র হয়ে মশাল মিছিল বের করেন।

মিছিল প্রতিরোধে বিএনপি বা এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। এ বিষয়ে সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মেজবাহ উদ্দীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

তবে স্থানীয় ছাত্রদল কর্মী রাহাত খন্দকার দাবি করেন, সাতলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। তাঁর ভাষ্য, পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলা থেকে লোক ভাড়া করে এনে সাতলায় মিছিল করা হয়েছে বলে তিনি শুনেছেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যান। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪