| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত, চালক আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৩:৫৩:০৭:অপরাহ্ন  |  ৭৬৯৫ বার পঠিত
শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত, চালক আহত

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় ড্রাম ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমরুল কায়েস (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক মামুন (৪০) গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরুল কায়েস টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। আহত মামুন শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে কাঁচামালবোঝাই একটি অটোরিকশা জামালপুরের কাঁচাবাজার থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ইমরুল কায়েস ও চালক মামুন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইমরুল কায়েসের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি আটক করে।

ইমরুলের সহকর্মীরা জানান, মাত্র এক সপ্তাহ আগে তিনি এসএস এনজিওতে যোগদান করেন। রোববার সকালে মধুপুরের নিজ বাড়ি থেকে কর্মস্থল তিনানীর উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক করা হয়েছে দুর্ঘটনায় জড়িত ড্রাম ট্রাকটি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪