ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকের অভিযোগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শাহরিয়ার আজম মুন্না এবং স্থানীয় আওয়ামী লীগের এক সক্রিয় কর্মী মো. মকবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাণীশংকৈল পৌরসভার শিবদিঘি মোড় এলাকা থেকে শাহরিয়ার আজম মুন্নাকে এবং রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
রাণীশংকৈল থানা পুলিশের জিডি নং-১৬৭, তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৫ অনুসারে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ৫ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে রাণীশংকৈল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভাতারা গ্রামের আরাফাত বাস কাউন্টার সংলগ্ন একটি কক্ষে অভিযান চালায়। সেখান থেকে প্রথম এজাহারনামীয় ১ থেকে ৬ নম্বর আসামিকে আটক করা হয়। এ সময় আরও ৬০ থেকে ৭০ জন অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি অবিস্ফোরিত হাতবোমা, ৯টি বাঁশের লাঠি, ও ৯৩টি উসকানিমূলক লিফলেট উদ্ধার করে। উদ্ধার করা লিফলেটগুলোর শিরোনামে ১৬ ফেব্রুয়ারি রোববার সকাল-সন্ধ্যা দেশব্যাপী কঠোর হরতাল পালনের আহ্বান ছিল। এসব লিফলেটের নিচে কয়েকজনের স্বাক্ষরও ছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও গোপন বৈঠকের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাহমীদুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রিপোর্টার্স২৪/আরএইচ