| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনে রাস উৎসব ঘিরে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৬ ইং | ২১:০৯:০৯:অপরাহ্ন  |  ২৮৯ বার পঠিত
সুন্দরবনে রাস উৎসব ঘিরে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা

খুলনা প্রতিনিধি: সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের জাহাজ, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহলদল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বন বিভাগসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

এদিকে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। পাশাপাশি বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুই পর্যটক ও একজন রিসোর্ট মালিকসহ মোট ৬৬ জনকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড আরও জানায়, ধারাবাহিক অভিযানের মুখে সুন্দরবনের সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর মোট ৬৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

রাস উৎসব চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

কোস্ট গার্ড আশা প্রকাশ করেছে, গৃহীত নিরাপত্তাব্যবস্থার ফলে এবারের রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪