| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে উত্তাল জবি

reporter
  • আপডেট টাইম: Jul ১৩, ২০২৫ ইং | ১২:০৬:১৮:অপরাহ্ন  |  ১৯২৯২১৩ বার পঠিত
শিক্ষকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে উত্তাল জবি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

জবি প্রতিনিধি: জবি শাখা ছাত্রদল কর্তৃক দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ মিছিল বের করে বিভাগটির প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। পরে সেখানে তারা সমাবেশ করেন। 

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণকালে শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, অছাত্ররা ক্যাম্পাস ছাড়; যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও; শিক্ষা ও সন্ত্রাস, একসাথে চলবে না; অছাত্রদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; ছাত্রদল শিক্ষক মারে, প্রশাসন কি করে?’ সহ নানা স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, ‘আজকে আমরা ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে এ ব্যাপারে উন্নীত হয়েছি যে আজকের ভেতরে বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলার সুষ্ঠু সমাধান না করলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। যদি ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ব্যাপারে ব্যবস্থা গ্রহন না করে আমরা অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের সাথে নিয়ে এহেন অপকর্মের বিরুদ্ধে গিয়ে শহীদ সাজিদ একাডেমিক ভবন বন্ধ করে দিবো।

শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমাদের দুইজন শিক্ষক  এবং শিক্ষার্থীদের উপর ঘটে যাওয়া হামলার ঘটনায় আমরা ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে দু’জন শিক্ষক যার মধ্যে একজন বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণের পরিচালক, অন্যজন সহকারী প্রক্টর উপর হামলার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ছাড়া নির্লিপ্ততা ও শিক্ষক সমিতির কোনো ধরনের বিবৃতি না দেওয়া আমাদের ব্যথিত করেছে এবং এধরনের অমেরুদণ্ডী কাজের জন্য নিন্দা জানাই। যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হয় প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাবো।

মিছিল পরবর্তী সমাবেশে আন্দোলনকারীরা ৩ দফা দাবি তুলে ধরেন। তাদের তিনটি দাবি হলো- ১৩ জুলাইয়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে; ঘটনায় জড়িত চলমান শিক্ষার্থীদের বহিষ্কার ও বিচার নিশ্চিত করতে হবে; সাবেক শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং ঘটনায় জড়িত সাবেকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, গত ১০ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেককে মারধর করেন শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। তারা রফিকের ওপর ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।

এ সময় তাকে রক্ষায় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম এগিয়ে আসলে তারাও  হামলার শিকার হন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

দুই শিক্ষক ছাড়াও শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং যুগ্ম-আহ্বায়ক ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আন্দোকারীরা জানিয়েছেন, প্রশাসন দাবি না মানলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪