| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮১৪৫৭ বার পঠিত
সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত
ছবির ক্যাপশন: সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় অব্যাহত গোলাবর্ষণ করেছে পাকিস্তান। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। বুধবার (৭ মে) রাত ১১টার দিকে সৈনিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর এক্স-এ পোস্ট করে জানিয়েছে, পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদী অবকাঠামোর ওপর ভারতের হামলার পর ক্রমাগত গোলাবর্ষণ অব্যাহত রাখে প্রতিপক্ষরা। এতে ৫ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দিনেশ কুমার নিহত হয়েছেন। হোয়াইট নাইট কোরের জিওসি এবং সমস্ত র‌্যাঙ্কের সদস্যরা তার সর্বোচ্চ আত্মত্যাগকে সালাম জানায়।

আরও বলা হয়, দিনেশ ৭ মে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারান। আমরা পুঞ্চ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানাই। সেনাবাহিনী ভুক্তভোগীদের পাশে আছে।

এ নিয়ে ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ গোলাবর্ষণের উপযুক্ত জবাব দিচ্ছেন। পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় হামলার পর থেকেই সীমান্তে ভারী গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান। এর মধ্যে সবচেয়ে বেশি গোলা নিক্ষেপ করা হয়েছে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি, শাহপুর ও মানকোট এবং রাজৌরির লাম, মাঞ্জাকোট ও গম্ভীর ব্রাহ্মণা এলাকায়। উত্তর কাশ্মীরের বারামুল্লার উরি সেক্টর এবং কুপওয়ারার তাংধার সেক্টরে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণে একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর নিক্ষেপ করা গোলা বারামুল্লা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার ভেতরে গিঙ্গাল গ্রাম পর্যন্ত আঘাত হানে। এতে অন্তত ১১ জন আহত হন, যাদের বেশির ভাগই সালামাবাদ এলাকার বাসিন্দা।

পাকিস্তানের গুজরানওয়ালার আকাশে ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার রাত ৩টা ৪৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে সেটি গুজরাট জেলার ডিঙ্গা এলাকার একটি মাঠে গিয়ে পড়ে—এমনটি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ড্রোনটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে খতিয়ে দেখার জন্য নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং পরে আকাশ থেকে ড্রোনটি পড়ে যেতে দেখেন। এতে আশপাশের এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪