অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় প্রতিবন্ধী ভ্যান চালক লিমন হত্যাকাণ্ডের প্রধান আসামি বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) নুরবাগ এলাকা থেকে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।
পরবর্তীতে শংকরপাশা এলাকায় তার বাড়ির ঘরের ভেতরে পুঁতে রাখা লিমনের ভ্যানের খণ্ডিত অংশ ও ব্যাটারি উদ্ধার করে পুলিশ। আটক বিল্লাল হোসেন উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত (১১ আগস্ট) রাতে নওয়াপাড়া নুর জাহান ফার্মেসির সামনে থেকে বেশি ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে বিল্লাল লিমনকে শংকরপাশার একটি নির্জন সড়কে নিয়ে যায়। সেখানে শ্বাসরোধে হত্যা করে ভ্যান ছিনিয়ে নেয় সে। পরে রাতেই ভ্যানের বিভিন্ন অংশ মাটি খুঁড়ে লুকিয়ে রাখে এবং চারটি ব্যাটারি চাকই বাজারের ভাঙারি ব্যবসায়ী লিটনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে। সৌদি আরব যাওয়ার টাকার প্রয়োজন মেটাতেই এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে বিল্লাল।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আলীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিল্লালকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে লুকানো ভ্যান ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা