রিপোর্টার্স ডেস্ক : পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে শহিদ করা হয়েছে। এসব অবিচারের বিচার বাংলার মাটিতে হওয়া উচিত। যাতে আর কোন নিরপরাধ মানুষ এভাবে বিচারিক জুলুমের শিকার না হন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে খুলনার সিদ্দিকীয়া কামিল মাদরাসার মিলনায়তনে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফরমায়েসী সাজা দিয়ে সরকার তাকে দীর্ঘ ১৩টি বছর কারাগারে আটকে রেখে অবহেলা করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। জীবিত থাকাবস্থায় আল্লামা সাঈদীর উপর বিচারের নামে অবিচার করা হয়েছে, এমনকি মৃত্যুর পর তার লাশের সাথেও নিষ্ঠুর আচরণ করেছে। শুধু আল্লামা সাঈদী নয়, আল্লামা সাঈদী সারা বাংলাদেশে তথা গোটা বিশ্বে কুরআনের তাফসীর করেছেন, কুরআনের আলোকে জীবন গঠনে কাজ করেছেন, কুরআনের সমাজ বিনির্মাণের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
শামীম বলেন, জীবনের শেষ মুহূর্তে আল্লামা সাঈদীর চিকিৎসা নিয়ে জাতি আজ সন্দিহান। কারণ যে চিকিৎসক আল্লামা সাঈদীর ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলন করেছে সে যদি এই আসামিকে তার হাতে পায় খুন করতে দ্বিধা করবেনা।
তিনি আরও বলেন, তিনি দুইবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং মুসলিম-অমুসলিম উভয় সম্প্রদায়ের কাছেই জনপ্রিয় ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিদ্দিকীয়া জামেয়া-ই-মাদানিয়া ট্রাস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি এস এম আজিজুর রহমান ও মাদরাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী।
রিপোর্টার্স২৪/ধ্রুব