রিপোর্টার্স২৪ ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে ভোররাতে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে। ধর্মীয় মেলায় অংশ নিতে যাওয়া ভক্তদের বহনকারী ট্রাক্টরের সঙ্গে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাকের সংঘর্ষে প্রাণহানি ঘটেছে আটজনের। গুরুতর আহত হয়েছেন অনেকে।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) ভোররাতে উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘাটাল গ্রাম সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই সময় একটি ট্রাক্টরে প্রায় ৬০ থেকে ৬১ জন ভক্ত ছিলেন। তাঁরা কাসগঞ্জ থেকে রাজস্থানের গোগামেড়ি মেলায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগামী একটি কন্টেনার ট্রাক ট্রাক্টরটিকে ধাক্কা দিলে এটি উল্টে যায়।
এই ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান আটজন, যাদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৪৫ জনকে দ্রুত উদ্ধার করে খুরজার কৈলাশ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। বাকি আহতরা বর্তমানে স্থিতিশীল আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনার পর কন্টেনার ট্রাকের চালক পালিয়ে গেছেন কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়দের দাবি, মহাসড়কে অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতাই এমন দুর্ঘটনার অন্যতম কারণ। প্রতিদিন এই সড়কে ভারী যানবাহনের চাপ থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।সূত্র : দ্য ওয়াল
রিপোর্টার্স২৪/ঝুম