ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : নারীদের শিক্ষা, ক্ষমতায়ন ও সার্বিক উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শের পথেই হাঁটছে বিএনপি সরকার—এমন মন্তব্য করেছেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা মহিলা কলেজে আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নারী শিক্ষার প্রসারে বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। তাঁর দেখানো পথ অনুসরণ করে বর্তমান সরকার নারীদের স্বাবলম্বী ও এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। বেগম জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছেন। অনুরূপভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর পর প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত করেছেন। প্রাইমারি শিক্ষার্থীদের দুপুরের মেইল চালু করার পাশাপাশি তাদের ইউনিফর্মের সকল কিছু বিনামূল্যে দিচ্ছেন সরকার।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশের হাল ধরবে। এজন্য আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জনগণের সেবার কোন বিকল্প নেই বলে প্রধান অতিথি তার বক্তব্যে নিজের মতাৃত প্রকাশ করেন।
মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, কলেজ অধ্যক্ষ মোঃ শফি মোল্লা, প্রভাষক দিলীপ দাস, অজয় দাস বক্তব্য রাখেন। শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক শিক্ষার্থীরস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে বিকেলে সংগীত পরিবেশন করেন জীবনমুখী শিল্পী ও হারমোনিয়ামের জাদুকর হিসেবে পরিচিত শিল্পী নকুল কুমার বিশ্বাস।
রিপোর্টার্স২৪/ধ্রুব