রিপোর্টার্স২৪ ডেস্ক : আগামী নির্বাচন হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা। যারা বয়কট করবে, তারা নিজেরাই মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৬ আগস্ট) দেশের সমসাময়িক বিষয়ে রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা দেখছি না। তবে দু-একটি দল বিভ্রান্তির চেষ্টা করছে; এটি তাদের কৌশল হতে পারে।
পিআর (সংখ্যানুপাতিক) বা গণপরিষদের দাবি মাঠ গরম করার রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়। জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অঙ্গীকারনামার কিছু বিষয় অযৌক্তিক মনে করে বিএনপি।
বিকল্প প্রস্তাব নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনার সময় দেওয়া হবে। সংবিধানের ওপরে স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না।’ আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা তার। অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি জানিয়ে তিনি বলেন, ‘সবার ঐকমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে; তত্ত্বাবধায়কের বিষয়টি পুনর্বহাল হওয়ার পরে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে।
এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা, অন্য কিছু ভাবার অবকাশ নেই। জুলাই সনদের বাস্তবায়ন না হলে কয়েকটি দলের নির্বাচন বয়কট করার প্রশ্নে তিনি বলেন, ‘কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।’
নির্বাচনের আগে জোট নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে, আগামীর সরকারেও তারা থাকতে পারে।
এ ছাড়া কয়েকটি ইসলামী ঘরনার দলের সঙ্গে আলোচনা হচ্ছে তাদের সঙ্গে জোট হতে পারে, সেটি চূড়ান্ত নয়।’
রিপোর্টার্স২৪/এসএন