আশিস গুপ্ত, নতুন দিল্লি :
ভারতে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁর পরিচয়পত্র পেশ করবেন।
রাষ্ট্রপতি ভবনে দুপুরবেলা অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ আনুষ্ঠানিকভাবে তাঁর নিয়োগের প্রমাণপত্র রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন।
উল্লেখ্য, রিয়াজ হামিদুল্লাহ গত ৭ই এপ্রিল নতুন দায়িত্ব নিয়ে ভারতে এসেছেন। তিনি এর আগে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং শ্রীলঙ্কায় হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন। ভারতে তিনি বিদায়ী হাইকমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
রিয়াজ হামিদুল্লাহ ১৯৯৩ সালে ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন এবং ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ছিলেন।
আগামীকালের এই পরিচয়পত্র পেশ অনুষ্ঠানটি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা যাচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব