| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রমিকদের বেতন বৃদ্ধির পর বাড়িভাড়া বাড়ালে আইনি ব্যবস্থা: মীর শাহে আলম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ২১:৫৭:৩৩:অপরাহ্ন  |  ১৭০৮ বার পঠিত
শ্রমিকদের বেতন বৃদ্ধির পর বাড়িভাড়া বাড়ালে আইনি ব্যবস্থা: মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার: পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, কোনো বাড়ির মালিক এ নির্দেশনা অমান্য করে ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ উদ্যোগ নিয়েছে।

আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভায় চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টস শ্রমিক ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাঁচ বছর পরপর মজুরি কাঠামো নির্ধারণের নিয়ম থাকলেও অন্তর্বর্তী সরকারের দেখানো পথে বর্তমান সরকার তিন বছরের জন্য মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে বেতন বাড়ানোর বিষয়ে সমঝোতার প্রক্রিয়া চলছে। এ অবস্থায় বাড়ির মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নিয়ে কেউ যেন বাড়িভাড়া বৃদ্ধি না করেন।

তিনি বলেন, শ্রমিক অধ্যুষিত যেকোনো এলাকায় বাড়ির মালিকরা ভাড়া বাড়ালে শ্রমিকদের প্রশাসনকে বিষয়টি জানাতে হবে। সরকার প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ নির্দেশনা পোশাকশ্রমিক অধ্যুষিত সব এলাকার জন্য প্রযোজ্য হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আন্তরিক। তবে আন্দোলনের নামে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪