চবি রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোটের’ সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সাঈদ বিন হাবিব বলেছেন, আমরা ৫ আগস্টের আগে এবং পরে শিক্ষার্থীদের সব যৌক্তিক আন্দোলনে পাশে ছিলাম। যখনই শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়েছে আমরা ছুটে গিয়েছি। আমরা শিক্ষার্থীদের বলতে চাই, আমাদের নির্বাচিত করলে আমরা শতভাগ আন্তরিকতা, সততা এবং দায়বদ্ধতা থেকে কাজ করব।
শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার সাঈদ বিন হাবিব বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। চবি শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্যানেল প্রসঙ্গে তিনি বলেন, আমরা শুধু নিজেদের লোক বিবেচনা করিনি। সম্পাদকীয় পদগুলোতে চেষ্টা করেছি দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে মনোনীত করতে। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈচিত্র্য বেশি, তাই আমরা চেষ্টা করেছি বাইরেরও যারা অভিজ্ঞ ও পারদর্শী তাদেরকে যুক্ত করার।
বিজয়ী হলে কী করবেন? জবাবে সাঈদ বলেন, সবচেয়ে বড় যে সমস্যা-আবাসন ও যাতায়াত, এগুলো নিয়ে কাজ করব। কিভাবে এক বছরের মধ্যে তা করা যায় সেদিক বিবেচনায় নিয়ে আমরা ইশতেহার তৈরি করছি। নারী শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা, হলে মেডিসিন কর্নার, মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা, একই সঙ্গে এই ছুটির সময়ে যেন তাদের অ্যাকাডেমিক ক্যারিয়ার বাধাগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করা, বিশেষ সময়ে মেয়েরা স্যানিটারি ন্যাপকিনসহ অন্য সুযোগ-সুবিধা সহজে পায় তার ব্যবস্থা করা, হল ও ফ্যাকাল্টিতে ‘ব্রেস্ট ফিডিং’ কর্নার, কমনরুম বা রেস্টরুম তৈরির জন্য কাজ করব। এছাড়া কেন্দ্রীয় খেলার মাঠের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার এবং চবি মেডিকেল সেন্টারকে ন্যূনতম ২০ শয্যা হাসপাতালে উন্নীত করার প্রচেষ্টা থাকবে আমাদের।
নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে সাঈদ বলেন, আমরা দেখেছি ডাকসু ও জাকসুতে নির্বাচন পেছানো ও বানচালের চেষ্টা করা হয়েছে। জাকসুতে ফল প্রকাশে দেরি করা হয়েছে। রাকসু নির্বাচন পিছিয়েছে। এরপরে এখানেও তিন দিন পেছানো হলো। জানি না, প্রশাসন কোনো চাপে আছে কি না। আশা করি, শেষ পর্যন্ত আমরা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ পাব। ভোট গণনার সময় যেন প্রতিটি বুথের ফলাফল এলইডি স্ক্রিনে দেখানো হয়, তার জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন চাইছি।
রিপোর্টার্স ২৪/এমবি