স্টাফ রিপোর্টার: রাজধানীতে অভিযান চালিয়ে ৮৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। শুক্রবার (১৬) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরিফুর রহমান (২০), মো. আল-আমিন (২৫) ও অনামিকা (২৪)। অনামিকা ও আল আমিন স্বামী-স্ত্রী।
শনিবার (১৭মে) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীতে একটি চক্রের সন্ধ্যান মিলেছে, যারা প্রতারণা করে মানুষজনের নানা জিনিসপত্র হাতিয়ে নেয়। তারা অনলাইনে প্রতারণা করে। চক্রটির তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে বাচ্চা না হওয়াসহ বিভিন্ন সমস্যার সমাধান করে দেয়ার নামে প্রতারণা করে জব্দকৃত বিপুল পরিমাণ স্বর্ণ ও অর্থ সংগ্রহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে।
রিপোর্টাস২৪/এসএমএন