| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাইমলাইন ফেব্রুয়ারি, ভোটের পরিবেশ যাচাইয়ে আসছে মার্কিন টিম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ২৩:০৭:১৫:অপরাহ্ন  |  ১৯৮০০০৬ বার পঠিত
টাইমলাইন ফেব্রুয়ারি,  ভোটের পরিবেশ যাচাইয়ে আসছে মার্কিন টিম

কূটনৈতিক রিপোর্টার: ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে প্রবল আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের। তবুও দেশটির পাঠানো বিশেষজ্ঞ দল বাংলাদেশের সেই ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছিল। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও একইভাবে একটি পর্যবেক্ষক দল পাঠাবে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে ঢাকাকে এমন বার্তা দিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)–এর সফররত প্রতিনিধিরা।

সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রভিত্তিক এই থিংক ট্যাংক আইআরআই-এর প্রতিনিধিদল। সেখানে ভোট পর্যবেক্ষণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে পর্যবেক্ষণ প্রক্রিয়া শুরু করেছে মার্কিন টিম। সেই ধারাবাহিকতায় চলতি বছরের নভেম্বরেই যুক্তরাষ্ট্রের প্রি-ইলেকশন মনিটরিং টিম ঢাকা সফর করবে।

আইআরআই পরিচালনা পর্ষদের সদস্য ক্রিস্টোফার ফাসনার সফররত আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এতে অংশ নিয়েছেন লিসা কার্টিস—সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি (সিএনএএস)-এর ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো ও পরিচালক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। প্রতিনিধিদলটি তাদের সফরের সময় রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী এবং পেশাজীবীদের সঙ্গে আলোচনা করবে। নির্বাচনে মার্কিন পর্যবেক্ষক দল পাঠাবে কিনা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “তারা তাদের মূল্যায়ন শেষ করার পরে একটি বিবৃতি প্রকাশ করবে। আমরা আশা করি তারা পর্যবেক্ষক পাঠাবে।”

তারা আজ প্রধান উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। নির্বাচনের প্রস্তুতি কেমন, তা জানতে গত আগস্টে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিলেন আইআরআই প্রতিনিধিরা। সে সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে আইআরআই ও এনডিআই-এর যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন ঢাকা সফর করেছিল। ওই মিশনের পর একটি ছোট পর্যবেক্ষক দল পাঠানো হয়। পরে তারা জানায়, ২০২৪ সালের নির্বাচন রাষ্ট্রীয় ও রাজনৈতিক সহিংসতা, গভীর বিভাজন এবং নাগরিক ও রাজনৈতিক মতপ্রকাশের ওপর নিষেধাজ্ঞার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। তাই এই প্রতিনিধি দলের মূল্যায়ন বাংলাদেশের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ভোটের আগে ও পরে প্রায় আট সপ্তাহ বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছিল যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ নির্বাচন পর্যবেক্ষক দল।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪