| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন সিটি হচ্ছে সাভার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৫ ইং | ০৭:০৭:০৯:পূর্বাহ্ন  |  ১৯৭৯৯৮৬ বার পঠিত
নতুন সিটি হচ্ছে সাভার

স্টাফ রিপোর্টার: সরকার সাভার পৌরসভা ও আশুলিয়া এলাকাকে একীভূত করে ‘সাভার সিটি কর্পোরেশন’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে, কেরানীগঞ্জ উপজেলাকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

চলতি মাসের ১২ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক পত্রে সরকারের এই সিদ্ধান্তের কথা জানা যায়। এই সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে।

বিভাগীয় কমিশনারের পাক্ষিক প্রতিবেদনের ভিত্তিতে এই প্রস্তাব বাস্তবায়ন শুরু হয়। প্রধান উপদেষ্টার কাছে উত্থাপিত প্রস্তাবে বলা হয়, সাভার অপরিকল্পিত শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপুল জনসংখ্যার চাপে এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে, কিন্তু বিদ্যমান পৌরসভা এই নাগরিক চাহিদা পূরণে অপ্রতুল।

অন্যদিকে, আশুলিয়া অঞ্চলে গার্মেন্টস শিল্প, শ্রমিক বসতি এবং আবাসিক এলাকা গড়ে উঠলেও ইউনিয়ন পরিষদের সীমিত সক্ষমতার কারণে পরিকল্পিত নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে জনগণের ভোগান্তি বাড়ছে।

এছাড়াও, কেরানীগঞ্জ উপজেলা ঢাকা শহরের প্রসারের মুখে অপরিকল্পিত দ্রুত নগরায়ণের মুখোমুখি হচ্ছে। পৌরসভা বা সিটি কর্পোরেশনের মতো প্রতিষ্ঠান না থাকায় সড়ক, ড্রেনেজ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা বা স্বাস্থ্যসেবার মতো মৌলিক নাগরিক সেবা সেখানে দেওয়া সম্ভব হচ্ছে না।

প্রস্তাবটি প্রধান উপদেষ্টা কর্তৃক অনুমোদনের পর এটি বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী সরকারের এই সিদ্ধান্তকে যুগান্তকারী উল্লেখ করে বলেন, ‘এর ফলে উন্নয়ন বঞ্চিত এবং অবহেলিত এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার কিছুটা হলেও দূর হবে এবং প্রাপ্য নাগরিক সুবিধা ও মর্যাদা নিশ্চিত করা যাবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪