| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র থেকে চালানের প্রথম ৫৬ হাজার মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ০৯:২৪:৫২:পূর্বাহ্ন  |  ১৫৬০০০৫ বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে চালানের প্রথম ৫৬ হাজার মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

রিপোর্টার্স২৪ ডেস্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের কৃষি অধিদপ্তরের মধ্যে সম্পাদিত সেই চুক্তি মোতাবেক মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নর্স স্ট্রাইড নামক জাহাজটি আজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।   

শনিবার (২৫ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম  ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বর্তমানে দেশে বছরে গড়ে ৮০ লাখ টনের বেশি গমের চাহিদা রয়েছে। দেশে উৎপাদন হয় মাত্র ১১ লাখ টন গম। বাকিটা আমদানি করতে হয়। বাংলাদেশ তার মোট গম আমদানির অর্ধেকের বেশি রাশিয়া থেকে নিয়ে থাকে। গত অর্থবছরে রাশিয়া থেকে ৫৪ শতাংশ গম আনা হয়। এরপরই রয়েছে ইউক্রেন, যেখান থেকে ১৪ শতাংশ গম আমদানি করা হয়। এছাড়া ভারত থেকেও গম আমদানি করা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর প্রেক্ষাপটে দেশটি থেকে গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান এগ্রোক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে জিটুজি পদ্ধতিতে এ গম কেনা হচ্ছে। চুক্তি অনুযায়ী, প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে ৩০২ মার্কিন ডলার। মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির প্রস্তাব গত ২৩ জুলাই ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি অনুমোদন করে। তবে চুক্তিতে ১০ শতাংশ কমবেশির শর্ত থাকায় মোট ২ লাখ ৪২ হাজার মেট্রিক টন গম আসবে বলে সূত্র নিশ্চিত করেছে।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের গম রফতানিকারক সমিতির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা হয়। এ অনুযায়ী, আগামী পাঁচ বছর বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে ৭ লাখ টন গম আমদানি করবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪