রিপোর্টার্স২৪ ডেস্ক : বন্যপ্রাণী হত্যার মামলায় আর জামিনের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নতুন বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই বিধান যুক্ত করা হচ্ছে যাতে কেউ এমন অপরাধ করে পার না পায়।
রোববার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কান্ট্রি ডিরেক্টর মো. জাহাঙ্গীর আলম মিঠাপানির জরিপ ২০২৪-২৫ এর ফলাফল উপস্থাপন করেন।
রিজওয়ানা হাসান বলেন, “নতুন আইনে বন্যপ্রাণী হত্যা মামলায় কোনোভাবেই জামিনের সুযোগ থাকবে না। আমরা প্রায়ই দেখি—মেছো বিড়ালকে মেছোবাঘ ভেবে অযথা হত্যা করা হয়, এমনকি কেউ কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এটি ভয়াবহ প্রবণতা। আমাদের আচরণ ও মানসিকতায় পরিবর্তন আনতে হবে। এক প্রাণীর অস্তিত্বের সঙ্গে অন্য প্রাণীর টিকে থাকা সম্পর্কযুক্ত। মনস্তাত্ত্বিক পরিবর্তন না আনলে বন্যপ্রাণী রক্ষা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণে একটি স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি। যেসব সংস্থা বন্যপ্রাণী নিয়ে কাজ করছে, তাদের নিয়ে আমরা ‘নেটওয়ার্ক ফর ওয়াইল্ডলাইফ অ্যান্ড ফরেস্ট’ তৈরির পরিকল্পনা করছি। বন বিভাগ শুধু নিজেদের নয়, এই স্বেচ্ছাসেবকদের মাধ্যমেও কাজের পরিধি বাড়াতে পারবে।”
প্রসঙ্গত, বর্তমানে বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী, ৩৬ ধারার অধীন অপরাধ (যেমন বাঘ ও হাতি হত্যা) অজামিনযোগ্য। অন্য ধারাগুলোর অপরাধ আমলযোগ্য নয়, জামিনযোগ্য এবং ক্ষতিপূরণ সাপেক্ষে আপসযোগ্য।
৩৭ ধারায় তিমি বা ডলফিন হত্যার কথা বলা হয়েছে, যেখানে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড, তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম