বেনাপোল প্রতিনিধি: ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর যশোর-১ (শার্শা) আসনের বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি শার্শা বাসীর প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন।
মঙ্গলবার এক বার্তায় তিনি বলেন, “আমি আপনাদের নেতা নই, বরং আপনাদের সন্তান, ভাই ও আপনজন। শার্শাবাসীর ভালোবাসা, আস্থা ও আন্তরিকতাই আমার শক্তি।”
মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আজ আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি—এ জন্য আমি কৃতজ্ঞ।”
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে তৃপ্তি বলেন, “তাঁদের নির্দেশনা মেনে জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে আমরা কাজ করে যাব।”
উদযাপন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এখন কোনো উল্লাস বা শোডাউনের সময় নয়। প্রকৃত বিজয় সেদিন হবে যখন জনগণের রায়ে ধানের শীষ বিজয়ী হবে এবং দেশের ভোটাধিকার পুনরুদ্ধার হবে।”
দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “মনোনয়নপ্রত্যাশী সবাই একই দলের, একই আদর্শের সৈনিক। আমাদের মাঝে বিভাজন নেই, থাকতেও পারে না। শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মাঠে কাজ করতে হবে।”
বার্তার শেষে তিনি বলেন, “চলুন একসাথে এগিয়ে যাই—ঐক্যই আমাদের শক্তি, বিজয়ই আমাদের গন্তব্য।”
রিপোর্টার্স২৪/আরকে