| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসির বাছাইয়ে বাদ পড়েছে ১৩৯টি দল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৫ ইং | ০৫:২১:০৯:পূর্বাহ্ন  |  ১৯০২৫৪৪ বার পঠিত
ইসির বাছাইয়ে বাদ পড়েছে ১৩৯টি দল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: নতুন দল হিসেবে বাংলাদেশ জাতীয় লীগকে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও অধিকতর তদন্তে বাদ পড়েছে দলটি। ফলে নির্বাচন কমিশনের (ইসি) নতুন তালিকায় জাতীয় লীগের নাম আর নেই।

মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

গত ৩০ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ইসি সচিব। এরপর দলটির ধারাবাহিকতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠে; আপত্তি জানায় এনসিপিও। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করে সংস্থাটি।

ইসি সচিব বলেন, পুনঃতদন্ত করে দেখা গেছে-রাজনৈতিক কর্মকাণ্ড, ভোটে অংশগ্রহণ ও অতীত নির্বাচনী কার্যক্রমে জাতীয় লীগের ধারাবাহিকতা পাওয়া যায়নি।

তিনি বলেন, ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল গত জুনে। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে ১২১টি দল। এরপর ২২টি দলের সরেজমিন তদন্ত হয়। এতে ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)–সিপিবি (এম), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি বাদ পড়ে।

অধিকতর তদন্ত হয় আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় লীগের।

এদিকে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিকে আদালত নিবন্ধন দেওয়ার নির্দেশনা দেওয়ায় রায়ের কপির অপেক্ষায় রয়েছে ইসি।

অধিকতর তদন্তের পর সকল শর্ত পূরণ করায় অবশেষে জাতীয় লীগকে বাদ রেখে এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ও বাংলাদেশ আমজনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এসব দলের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে বুধবার বিজ্ঞপ্তি দেওয়ার কথা রয়েছে। এতে কোনো দাবি-আপত্তি এলে তা নিষ্পত্তি করে চূড়ান্তভাবে সনদ দেওয়া হবে।

বর্তমানে ইসির নিবন্ধিত দল রয়েছে ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন এবং বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪