আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে। বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথ নিয়ে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর পরিকল্পিত সামরিক হামলা ও বোমাবর্ষণ স্থগিত করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর শক্তিশালী সামরিক হামলা চালাতে পারে এবং দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এতে চলমান যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থানরত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।
এ ছাড়া ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
রিপোর্টার্স২৪/বাবি