| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্য ডিসেম্বরে দেশে ফিরে হবেন ভোটার

তারেক রহমান এখনও ভোটার নন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১৭:৫৭:৫৭:অপরাহ্ন  |  ১৭১৮২৪৫ বার পঠিত
তারেক রহমান এখনও ভোটার নন

রিপোর্টার্স২৪ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসলেও এখনও ভোটার নন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র বলছে, তিনি আগামী মাসের মধ্যভাগে দেশে ফিরে ভোটার তালিকায় নিবন্ধন করবেন। চাইলে তিনি লন্ডন থেকেই ভোটার হতে পারতেন, তবে স্বশরীরে দেশে ফিরে নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সদস্য আনোয়ারুল ইসলাম সরকার সমকালকে বলেন, তারেক রহমান লন্ডনে ভোটার হয়েছেন কিনা, আমরা জানি না। তবে যাদের বয়স আগে থেকেই প্রাপ্তবয়স্ক এবং ভোটার তালিকায় বাদ পড়েছেন, তারা আবেদন করলে ভোটার হতে পারবেন। তিনি আরও জানান, ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হলে প্রাথমিক তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে বয়স বেশি বা আগে ভোটার ছিলেন এমন কেউ বাদ পড়লে সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডনে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে জোবাইদা রহমান ভোটার হয়েছেন, কিন্তু তারেক রহমান এখনও ভোটার হওয়ার আবেদন করেননি।

দলীয় সূত্র জানায়, দেশে ফিরেই তিনি ভোটার হবেন। এজন্য তাঁর স্বাক্ষর, ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান বাধ্যতামূলক। নির্বাচনী মনোনয়নপত্র দাখিলের আগেই তাঁকে ভোটার হতে হবে।

বিএনপির বহু নেতাকর্মী এখন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গভীর অপেক্ষায়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। তফসিলের পরই সম্ভবত মধ্য ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। ফেরার আগে তাঁর ওমরাহ হজ পালনের পরিকল্পনাও রয়েছে। সেখান থেকে সরাসরি চার্টার্ড বিমানে দেশে আসার সম্ভাবনা রয়েছে।

তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয়ভাবে নিরাপত্তা টিম গঠনের প্রক্রিয়া প্রায় শেষ। চলাচলের জন্য বুলেটপ্রুফ গাড়িও সংগ্রহ করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে বিএনপি।

সরকারি সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তাঁর নিরাপত্তা সংক্রান্ত যেসব অনুরোধ করা হয়েছে, সেগুলোর অনুমতিও দেওয়া হয়েছে।

গুলশান-২-এর ‘ফিরোজা’ ভবনে বাস করছেন খালেদা জিয়া। এর পাশের ১৯৬ নম্বর বাড়িটি ১৯৮১ সালে সরকারের বরাদ্দ পাওয়া। সম্প্রতি নামজারি সম্পন্ন করে বাড়িটির কাগজপত্র বিএনপি চেয়ারপারসনকে বুঝিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশে ফিরে এই বাড়িতেই উঠবেন তারেক রহমান। এজন্য বাড়িটি সংস্কার, সাজসজ্জা ও নিরাপত্তা জোরদারের কাজ শেষ হয়েছে।

গুলশানেই চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাঁর নতুন অফিস প্রস্তুত করা হয়েছে।

তাঁর দেশে ফেরা নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। অনেক সিনিয়র নেতাও সুনির্দিষ্ট তারিখ জানেন না। তিনি ফেরার দিন লাখো নেতাকর্মী রাজধানীতে সমবেত হবেন এমন প্রত্যাশা দলের। বিএনপি নেতাদের মতে, সেদিনের জনসমাবেশই হবে নির্বাচনী প্রচারের বড় সূচনা।

২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ কারাবন্দিত্ব ও নির্যাতনের মুখে ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন যান তারেক রহমান। সেখান থেকেই গত ১৭ বছর ধরে তিনি দল পরিচালনা করে আসছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪