রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে সরিয়ে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি আরও বলেন, দুপুরে গুলশানের এভারকেয়ার হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেখানে তিনি মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলাপ করে বিএনপি চেয়ারপারসনের শারীরিক জটিলতা, চলমান চিকিৎসা ও পর্যবেক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন।
শায়রুল কবির বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে সিসিইউতে নিয়ে আরও নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা করেছেন। তার প্রত্যেকটি শারীরিক জটিলতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায়।
দলের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলে জানান শায়রুল। তিনি বলেন, দেশের মানুষ যেভাবে নেত্রীর জন্য দোয়া করছেন, আমরা সেই দোয়ায় সামিল হতে আহ্বান জানাই। এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি হওয়ার পরও গত বুধবার (২৬ নভেম্বর) তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন শায়রুল। তিনি বলেছিলেন, মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনেই চিকিৎসা চলছে। কিন্তু সর্বশেষ অবস্থার পরিবর্তনের ফলে তাকে সিসিইউতে স্থানান্তর করতে হয়েছে।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা, চোখের রোগসহ বহুমাত্রিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। নিয়মিতই নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়।
চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে দীর্ঘ ১১৭ দিন চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফিরেন। তার ফিরে আসার পর থেকে শারীরিক অবস্থা ওঠানামা করছে বলে দলীয় সূত্র জানায়।
রিপোর্টার্স২৪/ঝুম