স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা আপাতত রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চলবে। তাঁকে বিদেশে নেওয়া হবে কি না, তা তাঁর শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
৮০ বছর বয়সী বিএনপি প্রধান সপ্তাহখানেক ধরে এই হাসপাতালেই চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকদের মতে, তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। গত দুই দিন ধরে তাঁর অবস্থা সংকটাপন্ন বলে দলীয় নেতারা জানাচ্ছেন।
ডা. জাহিদ জানান, বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড খালেদা জিয়ার আরও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করে। এরপর বোর্ডের সিদ্ধান্তক্রমে ২৭ নভেম্বর সকালে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। হাসপাতালে তাঁর সার্বিক চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা চলছে এবং তা অব্যাহত থাকবে।
হাসপাতাল এলাকায় ভিড় না করার অনুরোধ জানিয়ে ডা. জাহিদ বলেন, এখানে বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি আরও অনেক রোগী ভর্তি আছেন। তাঁদের চিকিৎসা যাতে ব্যাহত না হয়, সে জন্য সবাইকে অনুরোধ করছি ভিড় কমিয়ে যার যার অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করতে।
বিদেশে নেওয়ার সম্ভাবনা বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি সম্পূর্ণভাবে মেডিকেল বোর্ড ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। কোনো সিদ্ধান্ত হলে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি