| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুক্রবার সকাল ১০টার পর খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুরু হতে পারে

কারিগরি ত্রুটিতে পেছাচ্ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৪, ২০২৫ ইং | ১১:৪৩:০৮:পূর্বাহ্ন  |  ১৬৮১৮৫৩ বার পঠিত
কারিগরি ত্রুটিতে পেছাচ্ছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত হলেও, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা পেছাতে পারে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল। তবে টেকনিক্যাল সমস্যার কারণে সময়সূচি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, অ্যাম্বুলেন্সটি কাতার থেকে উড্ডয়নের পর চূড়ান্ত সময় জানানো হবে। সব মিলিয়ে শুক্রবার সকাল ১০টার পর খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দলীয় সূত্র জানায়, আগের মতো এবারও মোট ১৪ জন সফরসঙ্গী সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে লন্ডনে যাচ্ছেন। এর মধ্যে রয়েছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া সফরসঙ্গীদের মধ্যে আছেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, মো. আব্দুল হাই মল্লিক, মো. মাসুদার রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার।

এদিকে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডন সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি ঢাকায় নেমে ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই শাশুড়িকে নিয়ে লন্ডনে ফিরে যাবেন।

উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি একই এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। প্রায় চার মাস চিকিৎসা শেষে তিনি গত মে মাসে দেশে ফেরেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪