স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে ইস্টোমার ভেতরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য। তিনি জানান, শুক্রবার বিকেলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে এন্ডোসকপি সম্পন্ন করা হয়।
এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠাতে কাতার সরকার জার্মানভিত্তিক একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় পৌঁছাবে।
গত দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।
এর আগে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবারই তাঁকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও বিমানটির কারিগরি রক্ষণাবেক্ষণজনিত সমস্যার কারণে সে পরিকল্পনায় জটিলতা দেখা দেয়। পরে দ্রুত বিকল্প ব্যবস্থা হিসেবে নতুন এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর উদ্যোগ নেয় কাতার সরকার।
গত জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া।
রিপোর্টার্স২৪/এসসি