| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলা ভাষায় এআই যুগের সূচনা, চালু হলো ‘কাগজ ডট এআই’

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০৯:১৫:১৫:পূর্বাহ্ন  |  ৩৭৬৯৩০ বার পঠিত
বাংলা ভাষায় এআই যুগের সূচনা, চালু হলো ‘কাগজ ডট এআই’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলা ভাষার জন্য এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (kagoj.ai)’ চালু করা হয়েছে। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এসব প্রযুক্তিনির্ভর সেবা জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘কাগজ ডট এআই’ ও ‘জুলাই’ ফন্টের উদ্বোধন করা হয়।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এসব প্রযুক্তি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, কাগজ ডট এআইয়ের মাধ্যমে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে বাংলা ভাষার পাশাপাশি দেশের অন্যান্য ভাষাকেও সাইবার স্পেসে সংরক্ষণ ও টিকিয়ে রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ, অডিও থেকে লেখা রূপান্তর এবং কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করবে। বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে বাংলা ভাষার জন্য এ ধরনের পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম চালু হয়নি।

অন্যদিকে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ বিশেষভাবে দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। কম্পিউটারনির্ভর বাংলা লেখালেখিতে বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা দূর করতে এ ফন্ট কার্যকর ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

উদ্বোধন হওয়া এই দুটি সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪