সিনিয়র রিপোর্টার: বিএনপি জাতীয় নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে অনিশ্চিত করার উদ্দেশ্যে পরিকল্পিত হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে। শুক্রবার রাতে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে সিনিয়র নেতারা দেশে সম্প্রতি ঘটেছে বিভিন্ন হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সরকারের ভূমিকা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড বলে বিএনপি মনে করছে। তিনি নিহতের জন্য দায়ীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন।
তিনি আরও বলেন, ঘটনাক্রমে গতকাল মাঝরাতে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি কেউ দৈনিক প্রথম আলো, কেউ ইংরেজি দৈনিক ডেইলি স্টারের মতো পত্রিকার কার্যালয়ে অগ্নিসংযোগ চালায় এবং সাংবাদিকদের জীবন-মৃত্যুর ঝুঁকিতে ঠেলে দিয়েছে। একই সঙ্গে ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও হামলা করা হয়েছে। এসব ভয়ংকর ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে বিএনপি মত প্রকাশ করেছে।
মিডিয়ায় হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানিয়ে, এটিকে দেশে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত হিসেবে অভিহিত করেছে। মির্জা ফখরুল বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক অধিকারকে নস্যাৎ করার মাধ্যমে ফ্যাসিবাদের নতুন সংস্করণ নির্মাণের চেষ্টা চালানো হচ্ছে।
তিনি জানান, সাধারণ শান্তিপ্রিয় মানুষের পক্ষে এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবে সহ্যযোগ্য নয় এবং বিএনপি জাতীয় ঐক্য গড়ে এই অপশক্তির বিরুদ্ধেই লড়াই চালিয়ে যাবে।
বিএনপি উল্লেখ করে, নৈরাজ্য প্রতিহত করতে সব গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ঐক্য অপরিহার্য এবং দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে সংগ্রাম অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/বাবি