রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে হত্যা ও ধারাবাহিক সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, একের পর এক চোরাগুপ্ত হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও গভীর উদ্বেগ তৈরি হচ্ছে, যা রাষ্ট্রের জন্য অশনিসংকেত।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লক্ষ্মীপুরে আগুনে পুড়ে আহত এক রোগীকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ওসমান হাদিসহ বিভিন্ন স্থানে চোরাগুপ্ত হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত চিহ্নিত করা এবং দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিচার প্রক্রিয়ায় যদি কোনো ধরনের গাফিলতি বা দুর্বলতা দেখা যায়, তাহলে জনগণ নানাভাবে বিষয়টি ব্যাখ্যা করবে, আতঙ্কিত হবে।
তিনি আরও বলেন, দেশে বড় ধরনের কোনো চক্রান্ত চলছে কি না-তা নিয়েও মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। এই চক্রান্ত আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে হতে পারে, আবার দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেও হতে পারে। এমনকি বিদেশি কোনো শক্তি বা তাদের দেশীয় দোসররা এর পেছনে রয়েছে কি না, সে বিষয়েও জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
সরকারের ভূমিকার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার জনগণের সমর্থনে গঠিত একটি সরকার। গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসেবে এই সরকারের দায়িত্ব হলো সবকিছু বিচার-বিবেচনা করে দুষ্কৃতিকারীদের শক্ত হাতে দমন করা। এটাই দেশের মানুষের প্রত্যাশা।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ দলটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আয়েশা