রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন।
তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে লিখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তিনি আজ দেশে আসছেন। আমরা ২৪ এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।
সারজিস আরও লিখেছেন, পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। স্বাগতম।
এদিকে, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইট সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
তাদের আগমনের খবর ছড়িয়ে পড়ার পর বিমানবন্দর এলাকায় প্রচুর উৎসুক জনতা ভিড় জমিয়েছে। তবে নিরাপত্তার কারণে বিমানবন্দর প্রবেশমুখে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেনি।
সরেজমিনে দেখা গেছে, বিমানবন্দর ও আশপাশের প্রধান সড়কগুলোতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। বিভিন্ন বাসাবাড়ির ছাদ ও ভিউপয়েন্টে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম