| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেন শেখ হাসিনা হিন্দুদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন না?

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৯:১২:০৭:অপরাহ্ন  |  109922 বার পঠিত
কেন শেখ হাসিনা হিন্দুদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন না?

নব ঠাকুরিয়া : বাংলাদেশ, যেখানে সাম্প্রতিক সময়ে ভারতবিরোধী বক্তব্যকে কেন্দ্র করে তরুণ নেতা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর অস্থিরতা দেখা দিয়েছিল, ধীরে ধীরে এখন স্বাভাবিক অবস্থায় ফিরছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার এই দেশটি আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে, যা নির্ধারিত হয়েছে ১২ ফেব্রুয়ারি ২০২৬।

তবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণ থাকছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের। ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়। উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রায় ১৭ কোটি জনসংখ্যার এই দেশটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শাসনাধীন ছিল। 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দলের হাজার হাজার নেতাকর্মীসহ এখনো প্রতিবেশী ভারতেই অবস্থান করছেন। গত বছরের বিদ্রোহ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পরও তাঁর এই অবস্থান অব্যাহত রয়েছে। ওই বিদ্রোহে অপ্রাপ্তবয়স্কসহ ১,৪০০–এর বেশি মানুষের প্রাণহানি ঘটে।

ঢাকায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করলেও শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারত এখনো কোনো স্পষ্ট অবস্থান নেয়নি। এর ফলে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও জনসংখ্যায় একশ কোটির বেশি ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও অবনতির দিকে গেছে।

অনেক হাসিনাবিরোধী আন্দোলনকারী দাবি করেছেন যে ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবর্ষণের ঘটনার পরপরই হাদির হত্যাকারীরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। পরে ইনকিলাব মঞ্চের ওই নেতাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়, তবে তিনি ১৮ ডিসেম্বর সন্ধ্যায় আহত অবস্থায় মৃত্যুবরণ করেন।

ঘটনার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, যিনি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন, এখনো নিখোঁজ রয়েছেন। বাংলাদেশের একটি বড় অংশের নাগরিক যদিও এর পক্ষে কোনো প্রমাণ নেই বিশ্বাস করেন যে তিনি নয়াদিল্লির কাছ থেকে সহায়তা ও আশ্রয় পাচ্ছিলেন। এর ফলে সামগ্রিক ক্ষোভ ভারতের বিরুদ্ধে গিয়ে পড়ে এবং উসকানিমূলক শক্তিগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু পরিবারগুলোর ওপর লক্ষ্য করে তৎপরতা বাড়িয়ে তোলে।

এদিকে, ১৮ ডিসেম্বর ইসলাম অবমাননার অভিযোগে (যা এখনও নিশ্চিত নয়) ময়মনসিংহের ভালুকায় ২৭ বছর বয়সী গার্মেন্টসকর্মী দীপু চন্দ্র দাসকে উত্তেজিত জনতার হাতে নৃশংসভাবে হত্যা এবং ১৩ ডিসেম্বর একই ধরনের ধর্ম অবমাননার অভিযোগে রংপুর এলাকার ৪৫ বছর বয়সী মুদি দোকানদার উত্তম কুমার বর্মণের হত্যাকাণ্ড ভারতে ব্যাপক প্রতিবাদের জন্ম দেয়। বিক্ষোভকারীরা বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের সামনে জড়ো হয়ে ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার এবং দেশটিতে অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে জানিয়েছে যে ময়মনসিংহের ওই শ্রমিককে হত্যার ঘটনা একটি জঘন্য অপরাধ, যার কোনো ধরনের যুক্তি বা ন্যায়সঙ্গত ব্যাখ্যা নেই। সম্প্রতি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার দীপুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সরকারের পক্ষ থেকে সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে সহায়তার আশ্বাস দেন। তিনি আইনের শাসনের প্রতি সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জানান যে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ১০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা বাংলাদেশের চলমান অস্থিরতা নিয়ে কঠোর মন্তব্য করে ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে একটি ব্যর্থ সত্তা বলে আখ্যায়িত করেন। তিনি এসব মর্মান্তিক হত্যাকাণ্ডকে এমন এক আইনহীনতার প্রতিফলন হিসেবে বর্ণনা করেন, যা বর্তমানে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকার হয় তা অস্বীকার করছে, নয়তো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে অক্ষম হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান কর্তৃপক্ষ শীর্ষ পদে ‘চরমপন্থীদের’ বসিয়েছে, দণ্ডিত সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি দিয়েছে এবং আন্তর্জাতিক সন্ত্রাসীদের প্রকাশ্য জীবনে ভূমিকা রাখার সুযোগ দিয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির জন্যও তিনি এই সরকারকেই দায়ী করেন।

শেখ হাসিনা আরও স্পষ্ট করে বলেন, ঢাকায় এমন একটি বৈধ সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যা স্বাধীন বিচারব্যবস্থাকে সমর্থন করে তিনি ‘রাজনৈতিক হত্যার মুখোমুখি হতে’ বাংলাদেশে ফিরে যাবেন না। পাশাপাশি, গত বছর ঢাকা ছাড়ার পর থেকে অব্যাহত আতিথেয়তার জন্য তিনি নয়াদিল্লিকে ধন্যবাদ জানাতেও ভুল করেননি। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট যা তাদের সভ্যতাগত মূল্যবোধ ও গুরুতর সংকট বা অস্তিত্বের হুমকির মুখে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার মানবিক ঐতিহ্যের দ্বারা পরিচালিত। এর আগে, দীপু হত্যাকাণ্ডে ন্যায়বিচারের দাবি জানিয়ে ভারত একটি কড়া বার্তা দিয়েছিল এবং বাংলাদেশের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।

তবে এখানে যে প্রশ্নটি উঠে আসে, সেটি হলো বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার সময় তিনি নিজেও যখন হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু পরিবার এবং তাঁদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন (যদিও সর্বদা নিজেকে তাদের রক্ষাকর্ত্রী হিসেবে উপস্থাপন করেছেন), তখন কেন শেখ হাসিনার সনাতনী হিন্দু সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত নয়?

প্রথমদিকে শোনা গিয়েছিল, তিনি তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো দেশই তাঁকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয়নি। এমনকি ২০২৪ সালের ৫ আগস্ট গণভবনে সম্ভাব্য মৃত্যুর হাত থেকে তাঁকে উদ্ধার করার জন্য নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও তাঁকে দেখা যায়নি। বাস্তবতা হলো, বিশ্বের কোনো দেশ তাঁর এই দুর্দিনে পাশে না দাঁড়ানোয় শেখ হাসিনা এক বছরেরও বেশি সময় ধরে একটি হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশেই থাকতে বাধ্য হয়েছেন।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে ভারতের সনাতনী হিন্দু সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করাই কি তাঁর প্রথম অগ্রাধিকার হওয়া উচিত নয়?


নব ঠাকুরিয়া, 
ভারতের আসামের প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট।
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪