| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০ বছর পর ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ০৩:১৯:১২:পূর্বাহ্ন  |  ১৪৫৫০০৮ বার পঠিত
২০ বছর পর ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ প্রায় ২০ বছর পর আবারও চট্টগ্রামে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৮ জানুয়ারি তিনি চট্টগ্রাম সফরে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ওই দিন সন্ধ্যায় নগরের ঐতিহাসিক জমিয়তুল ফালাহ মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

বিএনপি নেতারা জানিয়েছেন, তারেক রহমানের এই সফর পুরোপুরি ব্যক্তিগত ও ধর্মীয়। সফরসূচিতে কোনো রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনি প্রচারণা কিংবা বক্তব্য দেওয়ার পরিকল্পনা নেই।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ১৮ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাবেন। সেখানে তিনি শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে সড়কপথে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন। পুরো সফরজুড়েই তিনি কোনো পথসভা, জনসমাবেশ বা আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন না।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনের খবরে নগরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। তিনি জানান, ১৮ জানুয়ারি সন্ধ্যার দোয়া মাহফিলে অংশ নেওয়ার পর তারেক রহমান চট্টগ্রামেই রাত্রিযাপন করবেন। তবে ১৯ জানুয়ারির কর্মসূচি সম্পর্কে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

নগর বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা মনে করছেন, যদিও সফরটি রাজনৈতিক নয়, তবুও তারেক রহমানের উপস্থিতি সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। এতে নেতাকর্মীদের মনোবল ও উদ্দীপনা বাড়বে, যা ভবিষ্যতের রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। প্রায় দুই দশক পর তার এই আগমনকে ঘিরে চট্টগ্রাম বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪