রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হঠাৎ করেই স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন। এই বৈঠককে কেন্দ্র করে দলের ভেতরে ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই।
দলীয় সূত্র জানায়, এটি কোনো নিয়মিত বা পূর্বনির্ধারিত বৈঠক নয়। নির্দিষ্ট কোনো লিখিত এজেন্ডা না থাকলেও বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সিনিয়র নেতারা। কারণ, এই বৈঠকেই তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে দল সাংগঠনিকভাবে নতুন বাস্তবতায় এগোতে প্রস্তুতি নিচ্ছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় নেতৃত্বের প্রশ্নে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার তাগিদ অনুভব করছেন দলটির নীতিনির্ধারকরা।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ইতোমধ্যে তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করতে শক্ত ও কেন্দ্রীয় নেতৃত্ব এখন সময়ের দাবি বলেও তারা মনে করছেন।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছিলেন, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে।
উল্লেখ্য, ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে সেই দায়িত্ব পালন করে আসা তারেক রহমান এবার দলটির পূর্ণাঙ্গ নেতৃত্বে আসছেন। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
রিপোর্টার্স২৪/ঝুম