| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৩, ২০২৬ ইং | ১৪:৫৩:২৩:অপরাহ্ন  |  ২১২৮৫৮ বার পঠিত
বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আটকের পর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে শামসুজ্জামান ডাবলুকে আটক করে নিয়ে যান। পরে তাকে অমানুষিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় তিনি গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এমন ঘটনা কখনোই রাষ্ট্র ও সমাজের জন্য কল্যাণকর নয়। এটি দেশের প্রচলিত আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বিচারবহির্ভূতভাবে কাউকে নির্যাতন করে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যেকোনো অপরাধের বিচার অবশ্যই আদালতের মাধ্যমে হওয়াই জনগণের প্রত্যাশা। কিন্তু জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর ক্ষেত্রে যেভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া হয়েছে, তা জনগণের কাছে সমর্থনযোগ্য নয়।

বিএনপি মহাসচিব আরও বলেন, এই লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনতে তিনি সেনাপ্রধানের সরাসরি হস্তক্ষেপ প্রত্যাশা করছেন। একই সঙ্গে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল শামসুজ্জামান ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪