রিপোর্টার্স২৪: বিএনপি অভিযোগ করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মধ্যে পড়েছে, যা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। দলটি এখনো যে ব্যালটগুলো পাঠানো হয়নি সেগুলোতে সংশোধনের দাবি জানিয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, পোস্টাল ব্যালট বিদেশে পাঠানো হয়েছে এমন অনেক ভোটারের কাছে ব্যালট পেপার পৌঁছেছে। সেই ব্যালট পেপারে বিএনপির নাম ও প্রতীক ঠিক মাঝখানে থাকায় ভাঁজ করলে তা সহজে নজরে আসে না। আমরা নির্বাচন কমিশনের কাছে বিষয়টি তুলে ধরেছি এবং তারা খেয়াল রাখেননি বলে মনে হয়েছে।
তিনি আরও বলেন, ৫টি কলাম এবং ১৪টি লাইন থাকার কারণে তিনটি রাজনৈতিক দল প্রথম লাইনে আসে, কিন্তু বিএনপির নাম ও প্রতীক মাঝখানে। এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। বিদেশে পাঠানো ব্যালটও সংশোধনের অনুরোধ জানিয়েছি।
নজরুল ইসলাম খান বলেন, বাহরাইনে এক বিশেষ দলের নেতৃবৃন্দ অনেক ব্যালট হ্যান্ডেল করছেন। আমরা কমিশনের কাছে বলেছি, এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
তিনি বলেন, একটি বিশেষ দল ভোটারদের এনআইডি, মোবাইল নম্বর সংগ্রহ করছে। এটি স্পষ্ট যে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা চলছে। বহু নির্বাচনে এমন ঘটনা আগে ঘটেনি।
বিএনপি নেতা জানান, দলের প্রধান নেতা রাস্তায় বের হলে হাজার হাজার লোক জড়ো হবে। “আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রচারণার জন্য স্থগিত রেখেছি। ২২ জানুয়ারি থেকে সাধারণ প্রচারণা শুরু হবে।”
দ্বৈত নাগরিকত্বের বিষয়ে তিনি বলেন, যাদের নাগরিকত্ব পরিত্যাগ করতে হয়েছে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে। নির্বাচন কমিশনকে বিষয়টি নিশ্চিত করতে বলেছি।
রিপোর্টার্স২৪/এসসি